সড়ক ও ড্রেনেজ সমস্যা নিরসনে ডিএনসিসি প্রশাসকের মাঠ পরিদর্শন

দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিতে নগরবাসীদের সেবা প্রদান এবং জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা অর্জন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
রবিবার (২৬ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কের সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধান সরকারপ্রধান। দেশের জনগণ যাতে পুনরায় বিএনপির ওপর আস্থা রাখতে পারে এবং আমরা যাতে তাদের সেই অনুরাগের প্রতিদান দিতে পারি, সে লক্ষ্যে সিটি করপোরেশন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
বিগত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে আমি নিজে সরেজমিনে পরিদর্শন করলাম। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে এই উন্নয়ন কাজ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে।”
প্রশাসক আরও পুনর্ব্যক্ত করেন, “এখন কথা কম হবে এবং কাজ বেশি হবে। জনগণের কল্যাণে আমরা সবসময় মাঠে থাকব।” এ সময় গণমাধ্যমের মাধ্যমে জনদুর্ভোগের খবর পাওয়ায় সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































