ইউজিসিতে নতুন তিন সদস্য নিয়োগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া সদস্যদের মেয়াদ হবে চার বছর।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।
অব্যাহতি পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
অন্যদিকে, নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারির অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী নতুন তিনজনকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের মেয়াদ চার বছর।
তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তারা অব্যবহিত পূর্ববর্তী পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। নতুন সদস্যদের নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। একই দিনে জারি করা অপর প্রজ্ঞাপনে ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।









































