বিএসটিআই
মান সনদ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাতের দায়ে এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
একই অপরাধে লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড নামের আরও একটি কোম্পানিকে জরিমানা করা হয়েছে। এ তিনটি কোম্পানিকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিএসটিআই এ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এছাড়া রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এ অভিযানকালে সব মিলিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পেয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের অনুকূলে বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল। এ অপরাধে দুই লাখ টাকা এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রি ও বিতরণ করার অপরাধে এক লাখ টাকা এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সাথে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিষ্টি, বিস্কুট, লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে ‘মিঠাই’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরেক অভিযানে মান সনদ গ্রহণ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী হাকিম সাবেকুন নাহার, রাজধানীর বসিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানম এবং রাজধানীর হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. মাহবুবুল ইসলাম।
বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজা অভিযানের সময় উপস্থিত ছিলেন।









































