আইন লঙ্ঘনে সৌদি আরবে গ্রেপ্তার ১৫ হাজার অভিবাসী

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন আরও ১ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৬ হাজার ১১৩ জনকে তাদের প্রস্থানের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।









































