নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানে টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে অভিযান থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা।
রবিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস।
এর আগে গত শুক্রবার ট্রাম্প ইরানে বিমান হামলা আরও জোরদারের ঘোষণা দিলেও পরবর্তী বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় পরিসরে হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কৌশল নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তার ভাষ্য, এসব হামলার ফলে ইরানের অভ্যন্তরে বিভক্তি তৈরির বদলে দেশটির জনগণ বরং বিদেশি হুমকির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়েছে।









































