চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সাংবাদিকতা পেশায় টিকে থাকতে প্রযুক্তিতে দক্ষ হতে হবে: ফারুক ওয়াসিফ

গণমাধ্যমকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা হলেও বর্তমানে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কার্যত ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, এই বাস্তবতায় পেশাদার সাংবাদিকদের টিকে থাকতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।

শনিবার (২৫ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পিআইবির উদ্যোগে এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গর্ব করে বলি গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু এখন পঞ্চম স্তম্ভ আপনাকে ল্যাং মারছে। আর তা হচ্ছে ফেসবুক, টিকটকসহ চলমান ভার্চুয়াল মিডিয়া। এ কারণেই সাংবাদিকদের জন্য এআই, ফ্যাক্ট-চেকিং ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রশিক্ষণহীন অনেক ব্যক্তি শুধু ভিউ ও মনিটাইজেশনের আশায় সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। আকর্ষণীয় শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে পাঠককে টানলেও অধিকাংশ ক্ষেত্রে ভেতরে প্রকৃত তথ্য থাকে না। এতে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনেক সময় পেশাদার জেলে মাছ পায় না, অথচ সখের জেলে এসে মাছ ধরে নিয়ে যায়। এখন ভিউ ব্যবসায়ীরাও ঠিক সেই কাজ করছে। তারা সাংবাদিকতার ওপর আঘাত করছে। তবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে সাংবাদিকদেরও সময়োপযোগী দক্ষতা অর্জন করতে হবে।

পিআইবি মহাপরিচালক বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ছাড়া ভবিষ্যতে পাঠক ধরে রাখা সম্ভব হবে না। শুধু মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশের অপেক্ষায় না থেকে সাংবাদিকদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ দেন তিনি। তার ভাষায়, আপনার গণমাধ্যমে হয়তো তিনটি সংবাদ পাঠালে একটি প্রকাশ হবে, দুটি থেকে যাবে। তাই নিজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থাকতে হবে। সেখানে সঠিক ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে অপ্রকাশিত ঘটনাগুলো তুলে ধরতে হবে। নিজেকে একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সেখান থেকেও আয় করা সম্ভব।

ফারুক ওয়াসিফ বলেন, দেশব্যাপী সাংবাদিকদের সময়োপযোগী প্রশিক্ষণের আওতায় আনতে পিআইবি কাজ করছে। বাংলা একাডেমি যেমন কবি-সাহিত্যিকদের নিয়ে কাজ করে, পিআইবিও তেমনি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে। আমরা নিয়ন্ত্রণকারী বা বিচারকারী প্রতিষ্ঠান নই। সাংবাদিকতা-সংক্রান্ত বিচারিক দায়িত্ব প্রেস কাউন্সিলের।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন জুলাই ব্যর্থ কি না, কিংবা জুলাইয়ের প্রয়োজন ছিল কি না। জুলাই কোনো পরিকল্পিত প্রকল্প ছিল না; এটি ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, নিপীড়ন ও অধিকার হরণের বিরুদ্ধে মানুষের আত্মরক্ষার আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে জুলাইয়ের চেতনাকে পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ দিতে হলে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা প্রয়োজন। সাংবাদিকদের পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্যতা রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটাই ভবিষ্যতের সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে বড় সম্ভাবনা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়