ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলােই) প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন- এমন গেজেট প্রকাশ করা হয়।









































