চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিক্ষার মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি : প্রতিদিনের সংবাদ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যাতে সহজে নিজ এলাকায় নিয়োগ পান, সে লক্ষ্যে সুপারিশপত্র নিয়ে স্কুলে গেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁদের নিয়োগ দিতে বাধ্য থাকবে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কচুয়াকে শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আগামী ২০২৭ সালের চূড়ান্ত পরীক্ষার কয়েক মাস আগে ওই পরীক্ষার আদলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর বিশেষ পরীক্ষা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে স্ব স্ব প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়নে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, উপজেলাভিত্তিক কমিটি গঠন করা হবে। ওই কমিটির তত্ত্বাবধানে ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা হবে।

শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে বা পরে বিশেষ ক্লাসের আয়োজন করতে হবে। প্রয়োজনে নিজ নিজ এলাকার অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী যেন পড়ার টেবিল ছেড়ে বাইরে অহেতুক ঘোরাঘুরি না করে, সে বিষয়ে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়