reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বৈশ্বিক হুমকি মোকাবেলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ:পররাষ্ট্রমন্ত্রী

উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবেলায় আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) সব অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উল্লেখ করেছেন, মহামারী, জলবায়ু সংকট, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সমন্বিত ঝুঁকি মূল্যায়ন ও আঞ্চলিক সংকট মোকাবেলা কাঠামো গড়ে তোলা জরুরি।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় ড. খলিলুর রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার মোকাবেলায় ভবিষ্যৎ করণীয়ও তুলে ধরেন।

টিএসি পাঁচ দশক আগে স্বাক্ষরিত একটি চুক্তি, যা আসিয়ান অঞ্চলে সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভিত্তি করে আঞ্চলিক সহযোগিতার কাঠামো নির্ধারণ করে। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগ দিয়ে আসিয়ানের আদর্শিক কাঠামোর প্রতি আনুষ্ঠানিক অঙ্গীকার করে।

ম্যানিলা সফরের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং চক্রাকার অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

ড. খলিলুর রহমান বর্তমানে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে অংশ নিতে ম্যানিলায় গেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়