হিমাচলে পাহাড় থেকে গাড়ির ওপর পাথর পড়ে নিহত ১৩

ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উদয়পুর-পাঙ্গি সড়কে একটি চলন্ত ট্যাক্সির ওপর পাহাড় থেকে বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ার ঘটনায় ছয় মাসের এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন। শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
পুলিশ জানায়, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ পাহাড়ি ঢাল থেকে বড় বড় পাথর গাড়িটির ওপর আছড়ে পড়ে, যার ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িটির পেছনের অংশে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সেনাসদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন।
ভারমুরের বিধায়ক জনক রাজ পিটিআইকে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বেঁচে গেছেন দুজন। তিনি চাম্বা ও লাহুল-স্পিতির ডেপুটি কমিশনারদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উদয়পুর-কিলার সড়ক আগের দিন বন্ধ থাকায় যাত্রীরা হিমাচলের তিন্দিতে আটকা পড়েছিলেন। সড়কটি পুনরায় খুলে দেওয়ার পর শুক্রবার তারা পাঙ্গির উদ্দেশে রওনা দেন, আর পথেই এই দুর্ঘটনার শিকার হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।









































