রায়পুরা প্রতিনিধি
রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক আটক

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল আল রাজিব নামের এক চিকিৎসককে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রায়পুরা পৌর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতুলি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুন নাঈম।
রায়পুরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতুলি মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, আরএমও রাজিব ও তাঁর স্ত্রী—উভয়েই একই হাসপাতালে চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। স্ত্রীকে নিয়ে তিনি সরকারি কোয়ার্টারেই বসবাস করেন। তবে রাজিব দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুন নাঈম বলেন, “আমি মাত্র তিন মাস হলো এ হাসপাতালে যোগদান করেছি। যোগদানের পর তাঁর মধ্যে এমন কোনো অস্বাভাবিকতা লক্ষ করিনি। তবে তিনি আগে মাদকাসক্ত ছিলেন বলে শুনেছি এবং এ কারণে পরিবার থেকে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে (রিহাব) পাঠানো হয়েছিল বলেও জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রাজিব নামের একজনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে অভিযুক্ত চিকিৎসক পুলিশ হেফাজতে থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পিডিএস/এমএইউ









































