হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

হাজীগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের ভবিষ্যৎ সুগঠনের লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশ জারি করা হয়েছে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাঁর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পত্রে আরও জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্র এবং চাঁদপুর জেলা প্রশাসকের আদেশের আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা অবিলম্বে বাস্তবায়ন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন স্বাক্ষরিত নির্দেশনার এ অনুলিপি স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর-৫), জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়