সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে দুই প্রতিবন্ধীকে ‘ডু সামথিং ফাউন্ডেশন’-এর অনুদান

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে দুই প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়েছে মানবিক চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন 'ডু সামথিং ফাউন্ডেশন' (ডিএসএফ)। সংগঠনটির পক্ষ থেকে এক দৃষ্টিপ্রতিবন্ধীকে দুটি দুগ্ধজাত গাভী এবং এক শারীরিক প্রতিবন্ধীকে একটি আধুনিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

জানা গেছে, বেলকুচির ভেন্নাগাছি গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী জন্মান্ধ হোসেন আলীকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি গাভী এবং এনায়েতপুরের খুকনী ঝাওপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আব্দুল্লাহকে একটি আধুনিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির প্রতিনিধি আশরাফুল ইসলাম প্রতিবন্ধী দুই তরুণের নিজ নিজ বাড়িতে গিয়ে উপহার সামগ্রীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিকিৎসকদের নিজস্ব তহবিলের এমন অর্থবহ সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধী দুই যুবক ও তাঁদের পরিবারের সদস্যরা।

সংগঠনটির সভাপতি ডা. নাজমুল ইসলাম এই উদ্যোগ প্রসঙ্গে জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০০৭ সালে চিকিৎসকদের হাত ধরে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই মানবিক এ প্ল্যাটফর্মটি চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে ধারাবাহিক অবদান রেখে আসছে। বিশেষ করে দেশের প্রান্তিক এলাকার অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে নিয়মিত সহায়তা প্রদান করা হয়।

তিনি আরও জানান, শিক্ষা, জরুরি চিকিৎসাসেবা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বিভিন্ন উৎসবে অসহায় মানুষের মাঝে উপহার বিতরণসহ বছরজুড়েই নানা কল্যাণমুখী কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি। মূলত মানবিক কর্তব্যবোধ ও আত্মার প্রশান্তি লাভের উদ্দেশ্যেই চিকিৎসকদের এ স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়