লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্য চার বিভাগে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে (২৭ ও ২৮ জুলাই) বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য কমার সম্ভাবনা রয়েছে।









































