বেনাপোল প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

শার্শার বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ছবি : প্রতিদিনের সংবাদ

যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানির ট্রাকের ধাক্কায় আবু সাইদ (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ি জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ শার্শা উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সাইদ পেশায় একজন ভ্যানচালক। রবিবার সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগআঁচড়া বাগুড়ি জোড়াপুল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ‘আকিজ সিমেন্ট’ কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-৭৫৮৫) তাঁর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়েরা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়