গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের চড়ইল বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ১৮ জনের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙ্গাবাড়ি ও আলিনগর ইউনিয়নের অনেক কৃষক ওই এলাকার ৭০ বিঘা জমি চাষাবাদ করে আসছিলেন। রবিবার সকালে তাঁরা ওই জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয় পক্ষের ১৮ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন— ফজলুর রহমান (৫৫), কামরুজ্জামান (৭০), তাজামুল হক জেম (৫৫), বজলুর রহমান (৬০), আব্দুল লতিফ (৬৫), দেল সাদ (৫০), আব্দুর রহিম (৪৭), জামিলা বেগম (৫০), জাহিনা বেগম (৫৫), খতিজা (৫৫), মনিরুল ইসলাম (৫৫), বজলুর রহমান (৬২), মাহাদি হোসেন (২৩), ওয়াসিম বাবু (২০), রফিকুল ইসলাম (৩৮), তাইজুদ্দিন (৬৬), সাইফুল (৫৬) ও শহিদুল (৪২)। এদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গোমস্তাপুর থানা-পুলিশ।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “জমি সংক্রান্ত জের ধরে এ ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় গোমস্তাপুর থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পিডিএস/এমএইউ









































