গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় শনিবার রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় এক বাসযাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৫ জনকে। পা বিচ্ছিন্ন হওয়া ওই যাত্রীর নাম অনন্ত দাস (২৭)। তিনি উপজেলার চক গোবিন্দপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় প্রায় ৮ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরমর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়াসহ প্রায় ৮ জন যাত্রী আহত হয়েছেন।
পিডিএস/এমএইউ









































