সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে গাড়ির চাপায় নিহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি পিষ্ট হন। এতে তাঁর মাথাসহ শরীরের বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মণ্ডলের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ছয় মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।”
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পিডিএস/এমএইউ









































