ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা ও জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত উক্ত আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ড. আবদুল আলিম বছির নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি এই দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। আদেশটি তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
একই আদেশে পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) পদে কর্মরত থেকে বিগত ২৯ এপ্রিল ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ন পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
নির্ধারিত তারিখ অনুযায়ী বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
পিডিএস/এমএইউ









































