চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালীতে ইউপি নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ বাড়ছে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তরুণ প্রার্থীদের অংশগ্রহণ ও নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন ইউনিয়নে তরুণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা ইতিমধ্যে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। এতে স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আলোচনা ও আগ্রহ বাড়ছে।
উপজেলার ৫ নম্বর খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী এই তরুণ নেতা রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
অন্যদিকে ৩ নম্বর ঘোড়জান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহযোগিতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
৭ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক আল ইমরান মনু। দীর্ঘদিন ধরে নদীভাঙন, অবকাঠামোগত সমস্যা এবং জনদুর্দশা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছেন। নদীভাঙন রোধে মানববন্ধন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন এবং চৌহালী উপজেলাকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অধীন থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। এ ছাড়া ভাঙাচোরা সড়ক সংস্কার, বাঁশের সাঁকো নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি অংশগ্রহণ করে আসছেন।
এদিকে ঘোড়জান ইউনিয়নে আরেক তরুণ প্রার্থী ও সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব রাসেল সরকারও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর পরিবার থেকে অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ইতিহাস রয়েছে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও নিজের নেতৃত্বগুণকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করবে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন, স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের রায়ই নির্ধারণ করবে কে নেতৃত্বের দায়িত্ব পাবেন।
পিডিএস/এমএইউ









































