মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতার চম্পট, আদালতে মামলা

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজব আলীর বিরুদ্ধে তিন সন্তানের এক জননীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতার দাবি, ওই নারী স্বেচ্ছায় তাঁর কাছে এসেছেন এবং তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত ৬ জুলাই নেত্রকোনার আদালতে এ অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী সাজেদ মিয়া। তিনি উপজেলার বড়তলী-বানিয়াজোড়া গ্রামের বাসিন্দা।

মামলার আরজি সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে সাজেদ মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে, যার মধ্যে ছোট মেয়ের বয়স ১১ মাস। ভুক্তভোগী নারী বাবার বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে গেলে প্রতিবেশী আজব আলী তাঁকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন। অভিযোগ অনুসারে, গত ৪ জুলাই মধ্যরাতে ঘর থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় বাধা দিলে গৃহবধূর বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগটি আমলে নিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ড ও আসামি গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আজব আলী বলেন, “কাউকে জোর করে নেওয়া হয়নি। তিনি স্বেচ্ছায় এসেছেন। এর আগেও দুবার এসেছিলেন, পরে স্বজনেরা বুঝিয়ে নেন। এবার আমরা বিয়ে করেছি।”

ফোনে যোগাযোগের পর ওই গৃহবধূও একই দাবি করে বলেন, “আমি স্বেচ্ছায় এসেছি এবং আমরা বিয়ে করেছি। পরিবারে ফিরে যাওয়ার ইচ্ছা আমার নেই।”

এদিকে আজব আলীর দলীয় পদ নিশ্চিত করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হবি মিয়া জানান, “ঘটনাটি সত্য এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার বাসিন্দারা লিখিত আবেদন করেছেন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে।”

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, “আদালতের নির্দেশনার কপি হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়