সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে রাজিব (৪০) নামের এক চোরের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। রবিবার গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নে বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরের একটি সংঘবদ্ধ দল রাত ২টার দিকে বান্দাইল জিয়ানগর গ্রামের জনৈক হাকিম আলীর বাড়িতে চোরের উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় চোর দলের সদস্য রাজিব বাড়ির উত্তর পাশের ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তার সহযোগীদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে বাড়ির মালিক সুযোগ বুঝে তাকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ধস্তাধস্তির সময় বাড়ির মালিক হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, চুরি করতে গিয়ে ধরা পরে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়