শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে খাস জমি রেকর্ড করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ১০টি পরিবারসহ এলাকাবাসী অংশ নেয়।
সেসময় ভুক্তভোগী এতেম আলী, লাখি খাতুন, মীর শওকত আলী, নওশের আলী, আলমাস জোয়ার্দ্দার, নাজমুল হাসান সুজনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, ভরাট হওয়া ডাকুয়া নদীর ৩টি দাগে ৩ একর ৫৩ শতক জমি ওই গ্রামের আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার ভুয়া কাগজ দেখিয়ে রেকর্ড করে নেয়। সরকার মামলা করলে ২০০৭ সালে আদালত সরকারের পক্ষে রায়ও দেয়। কিন্তু প্রতারক বাবলু জোয়ার্দ্দার সেই জমি এখনও নিজের দাবি করে জমিতে থাকা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
বক্তারা মামলা প্রত্যাহার ও জালিয়াত বাবলু জোয়ার্দ্দারের বিচারের দাবি জানান।









































