মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের রাহুল (২২)।
বিজিবি জানায়, উজ্জ্বল চন্দ্র দেব অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অপর দুইজন মানবপাচারে সহযোগিতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন তিনি।
আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ








































