reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে গণপূর্তের পরিচ্ছন্নতা অভিযান  

দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে মাঠে নেমেছে গণপূর্ত অধিদপ্তর।

শনিবার(২৭ জুন) রাজধানীর জিগাতলা, সোবহানবাগ, কলাবাগানসহ বিভিন্ন এলাকার সরকারি কোয়ার্টারসমূহ পরিদর্শন করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।

এ সময় তিনি কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দা এবং কোয়ার্টার পরিচালনার জন্য নির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে নিজ নিজ কোয়ার্টার পরিষ্কার রাখতে কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান। একই সাথে, প্রতি সপ্তাহে অন্তত একদিন কোয়ার্টারের সব বাসিন্দা যেন নাগরিক দায়িত্ববোধ থেকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন, সেই আহ্বানও জানান।

এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও সশরীরে অংশ নেবেন এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

প্রধান প্রকৌশলীর এই নির্দেশনার অংশ হিসেবে জিগাতলাস্থ স্টাফ কোয়ার্টারে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে পুরো জিগাতলা কোয়ার্টার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এই কার্যক্রম চলার সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়, যখন মাঠে খেলাধুলা করা শিশুরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অত্যন্ত উৎসাহী চিত্তে বড়দের সাথে কাজে হাত মেলায়।

কোয়ার্টারের বাসিন্দাদের মাঝে দীর্ঘমেয়াদী সচেতনতা তৈরির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কোয়ার্টারের প্রতিটি বাসিন্দার হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে সাবধান থাকা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা সম্বলিত তথ্যবহুল লিফলেট হস্তান্তর করা হয়। সচেতনতা বাড়াতে কোয়ার্টারের মূল প্রবেশদ্বারের কাছে তথ্যবহুল সাইনেজ স্থাপন করা হয়েছে।

এছাড়া কোয়ার্টারের ভেতর মাইকিং বা গণ-ঘোষণার মাধ্যমে সবাইকে পরিচ্ছন্নতার নির্দেশনাসমূহ বিশদভাবে জানিয়ে দেয়া হয়েছে। কোয়ার্টারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে কোয়ার্টার কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর এবং নাগরিকদের এই যৌথ উদ্যোগ সরকারি কোয়ার্টারগুলোর পরিবেশ সুরক্ষিত রাখার পাশাপাশি ডেঙ্গু দমনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়