জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা)

  ২ ঘণ্টা আগে

১০ বছরেও হয়নি সংযোগ সড়ক, অকেজো ব্রিজে দুই গ্রামের চরম ভোগান্তি

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার বোরহানউদ্দিনে যাতায়াতের সুবিধার্থে খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলেও দীর্ঘ ১০ বছরেও তৈরি হয়নি এর সংযোগ সড়ক। ফলে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় বাধ্য হয়ে গ্রামবাসী ব্রিজের পাশ দিয়ে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে।

২৯ লাখের ব্রিজ এখন অকেজো

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর ও বাটামারা গ্রামসহ আশপাশের কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে ৪ নম্বর ওয়ার্ডের নওয়াব মিয়ার খালের ওপর এই ব্রিজটি নির্মাণ করা হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২৯ লাখ ৫৭ হাজার ৮৬৭ টাকা ব্যয়ে ৩৬ ফুট দীর্ঘ ব্রিজটি তৈরি করা হলেও দুই পাশে কোনো মাটি বা সংযোগ সড়ক দেওয়া হয়নি। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় সংযোগ সড়কের স্থানে গভীর খাদ ও পানি জমে থাকায় ব্রিজে ওঠাই যায় না।

ক্ষুব্ধ এলাকাবাসী, ভরসা বাঁশের সাঁকো

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বাটামারা গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলী ও সোহাগ হোসাইন জানান, সংযোগ সড়ক না থাকায় যাতায়াত প্রায় বিচ্ছিন্ন। গাড়ি চলাচল করতে না পারায় গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, শিশু ও শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এমনকি জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়।

উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, "বাটামারা গ্রাম থেকে অনেক শিক্ষার্থী এই বিদ্যালয়ে আসে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় বর্ষার মৌসুমে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।"

প্রশাসনের বক্তব্য

যোগাযোগ করা হলে বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ‘স্বল্প ব্যয় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পে’ অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে টেন্ডারের মাধ্যমে দ্রুত সংযোগ সড়ক ও মূল সড়ক নির্মাণকাজ শুরু করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়