কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় এইচএসসির প্রথম দিনে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও সহযোগী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি করা ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক শিক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তফজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে এইচএসসি পরীক্ষার একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন তাসফিয়া। ওই প্রবেশপত্র নিয়ে তিনি তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় পরীক্ষায় অংশ নিতে আসেন।

পরীক্ষা শুরুর পর প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। কেন্দ্র সচিব ও তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রককে জানান এবং প্রবেশপত্রের ছবি পাঠান।

যাচাই-বাছাই শেষে বোর্ড থেকে জানানো হয়, তাসফিয়া রহমান জান্নাত নামে কসবা মহিলা ডিগ্রি কলেজের কোনো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবং উপস্থাপিত প্রবেশপত্রটি সম্পূর্ণ ভুয়া। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ ওই শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির কেন্দ্রে উপস্থিত হন। পরে উভয়ের অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকাও নেওয়া হয়।

কেন্দ্র সচিব ও তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় সন্দেহ হয়। পরে বোর্ডের সহযোগিতায় নিশ্চিত হই যে এটি ভুয়া প্রবেশপত্র। এরপর উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় অভিযুক্ত শিক্ষার্থী ও তার সহযোগীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়