সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জন গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গত ৮ জুলাই (বুধবার) বিকেলে সলঙ্গা থানাধীন হরিণচড়া এলাকার ফুড ভিলেজ হোটেলের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মিলেরপাড়া গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে মো. তহিদুল ইসলাম (৩৮) এবং একই থানার মুসলিম নগর গ্রামের মুসলিম মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৫৪)।
র্যাব-১২-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাশির সিরাপ জাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ এবং ‘স্ক্যাফ’ মাইক্রোবাসে বহন করে নিজেদের হেফাজতে রাখতেন। পরবর্তীতে তারা ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় এগুলো ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সলঙ্গা এলাকা থেকে মাদক পরিবহনের সময় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পিডিএস/এমএইউ









































