বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে শ্রমিক নিখোঁজ

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ে নিজ লেবু বাগানে কাজ করতে যাওয়ার পথে পাহাড়ি ঢলে ভেসে মো. দিদার আলম (২২) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড় এলাকার ভান্ডারজুরী খালের লেচুবারিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দিদার আলম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গুচ্ছ গ্রামের মৃত ইলিয়াসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে পাহাড়ে নিজের লেবু বাগানে কাজ করতে যাচ্ছিলেন দিদার আলম। পথে ভান্ডারজুরী খালের লেচুবারিচা এলাকায় পৌঁছালে তিনি খাল পারাপারের চেষ্টা করেন। এ সময় পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতে তিনি মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খালের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন নিখোঁজ দিদার আলমকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিশেষ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারী সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খালের বিভিন্ন অংশে উদ্ধার অভিযান চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়