বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
ভুল চিকিৎসায় পা পচে কোমর পর্যন্ত সংক্রমিত বাবার জন্য দুই শিশুর আকুতি

“আল্লাহ গো আল্লাহ, তোমার পায়ে ধইরা দোয়া করতেছি, আব্বারে ভালা কইরা দেও”—নেত্রকোনার বারহাট্টায় দুই অবুঝ শিশুর এমন হৃদয়বিদারক আকুতি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা স্পর্শ করেছে হাজারো মানুষের হৃদয়।
উপজেলার বিক্রমশ্রী গ্রামের সিরাজ মিয়ার ছেলে দিনমজুর নাজিম উদ্দীন ভুল চিকিৎসার শিকার হয়ে এখন মৃত্যুর মুখোমুখি। একটি পায়ে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে তা কোমর পর্যন্ত পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে পুরো পরিবারটি।
নাজিম উদ্দীনের মা অশ্রুসজল চোখে জানান, ছেলেকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও চরম অর্থাভাবে এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঘরের একমাত্র উপার্জনক্ষম মানুষকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে জরুরি আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। এলাকাবাসীরও দাবি, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে নাজিম উদ্দীনের জীবন আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তারা সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে তার পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী পরিবারটি উপজেলা সমাজসেবা কার্যালয়ে একটি আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।
পিডিএস/এমএইউ









































