হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি : প্রতিদিনের সংবাদ

দেশের যেকোনো দুর্যোগে ও দেশের কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। চট্টগ্রাম জেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটির বিভিন্ন বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য বুধবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী মীর হেলাল। সন্ধ্যায় চট্টগ্রাম শহরে পৌঁছে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ ত্রাণ গ্রহীতা সর্বস্তরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপুর ওয়ার্ড এলাকা, হাটহাজারী উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ খিল্লাপাড়া এলাকা এবং চট্টগ্রামের জালালাবাদস্থ বটতল এলাকার প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনকে আরও আর্থিক অনুদান দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বিভিন্ন জাতিসত্তার মানুষসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষ যেন সমঅধিকার ও সমউন্নয়ন লাভের অধিকারী হয়, সে লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়