কয়রা (খুলনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

গত ৮ জুলাই (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে আংটিহারা এলাকার লোকালয়ে একটি বড় সামুদ্রিক কচ্ছপ চলে আসার খবর পায় প্রশাসন। খবরটি পাওয়া মাত্রই খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষী, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং কচ্ছপটি নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর কচ্ছপটির ওজন মাপা হয় এবং সেটির শারীরিক অবস্থা পরীক্ষা করে কোনো আঘাত বা অসুস্থতা না থাকায় অবমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান জানান, উদ্ধারকৃত কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কচ্ছপটি সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, "উদ্ধারকৃত কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ ছিল। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের উদ্ধার অভিযান ও নজরদারি সার্বক্ষণিক অব্যাহত রয়েছে।"

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তা রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা এবং বন বিভাগের তাৎক্ষণিক তৎপরতা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়