গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে প্রশাসনের তড়িৎ অভিযান: ড্রেজার ধ্বংস, ২ জনের কারাদণ্ড

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন হাওয়াখানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংস এবং দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান।

ড্রেজার ধ্বংস ও লাখ টাকা জরিমানা: অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সাথে বালু পরিবহনের কাজে লিপ্ত থাকা দুটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃতদের প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের উভয়কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে মিণ্টু প্রধান (৪০) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল চন্দ্রহাট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর মণ্ডল (৩৬)।

মূল হোতা পলাতক: স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বোয়ালিয়া গ্রামের মনছেরের ছেলে শামীমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র প্রশাসন ও আইন-কানুন তোয়াক্কা না করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে প্রশাসন সেখানে তড়িৎ অভিযান চালালে মূল হোতা শামীমসহ চক্রের অন্য সহযোগীরা টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এমপি-র জিরো টলারেন্স নীতি ও প্রশাসনের হুঁশিয়ারি: উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়ছার লিংকনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই ধারাবাহিক ও কঠোর অভিযান চালানো হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে যারা পরিবেশ, ফসলি জমি ও জনস্বার্থের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়