ভোলা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভোলার ৬ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, তজুমদ্দিনে নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপরে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে ভোলার ৬টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টি, দমকা হাওয়া ও অস্বাভাবিক জোয়ারে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী।

এদিকে তজুমদ্দিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপকূলীয় এলাকায় উদ্বেগ বাড়ছে। বুধবার (৮ জুলাই) দিনভর জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে নদীপথে ছোট নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, সর্বশেষ পর্যবেক্ষণে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রয়েছে।

এদিকে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় ভোলা-মনপুরা, ভোলা-হাকিমুদ্দিনসহ জেলার ৬টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা নৌপথে ফেরি ও যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মৎস্য খাতেও। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী এলাকায় জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছেন। একই সঙ্গে নদীতে জেলে নৌকা ও অন্যান্য ছোট নৌযানের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীপথ ব্যবহারকারী যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়