দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-তাজিকিস্তান আলোচনা

দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে তাজিকিস্তানের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বুধবার (৮ জুলাই) ঢাকায় পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভা (এফওসি) চলাকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বৃহত্তর দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক ও চুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা সুবিধা, পর্যটন সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে মত প্রকাশ করেন।
এ ছাড়া বিনিয়োগের প্রচার ও সুরক্ষা এবং শিল্প খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণকে সীমিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় দুই দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন স্থাপন, সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রদর্শনী আয়োজন এবং পণ্য, শ্রম ও সেবার কার্যকর চলাচল নিশ্চিত করার সম্ভাবনাও উঠে আসে।
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের শীর্ষ চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউসি) গুরুত্ব তুলে ধরেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাবকে স্বাগত জানান। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ সম্মত হয়।
বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ার কৌশলগত অবস্থান বিবেচনায় বৃহত্তর আন্তঃআঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
এ সময় তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এ বাংলাদেশের সদস্যপদের আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।









































