বাংলাদেশের সব খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন

সামরিক খাতসহ বাংলাদেশের সব খাতে চীন সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ফলপ্রসূ হয়েছে। নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তুলতে উভয় দেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে উন্নত করতে সম্মত হয়েছে।
বুধবার (৮ জুলাই) জাতীয় প্রতিরক্ষা কলেজে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও উল্লেখ করেন, চীন ধারাবাহিকভাবে বাংলাদেশী জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি মেনে চলেছে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রদূত জানান, চীন ধারাবাহিকভাবে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। শান্তিপূর্ণ উন্নয়নের পথের সঙ্গে সঙ্গতি রেখে চীনের প্রতিরক্ষা নীতিও শান্তির প্রতি এক সুস্পষ্ট অঙ্গীকার দ্বারা সংজ্ঞায়িত। আধিপত্য, সম্প্রসারণ বা প্রভাব বলয়ের মতো শব্দগুলোর কোনো স্থান নেই চীনা অভিধানে।
রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং সার্বজনীনভাবে কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন করতে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ এবং বৈশ্বিক শাসন উদ্যোগকে এগিয়ে নিতে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ সমাজ গঠনে সচেষ্ট থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এমডি ফয়জুর রহমানসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শতাধিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিগণ।









































