পেশাদার ক্রিকেটে অভিষেকই হয়নি, তবু পেলেন ওয়েস্ট ইন্ডিজে ডাক!

স্বীকৃত ক্রিকেটে এখনও অভিষেক হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই সেই স্বাদ পেয়ে যেতে পারেন ভাইটেল লজ। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করেন লজ। পাঁচ ম্যাচে ২২.৭০ গড়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেন তিনি। এখনও প্রথম শ্রেণির ক্রিকেট, ৫০ বা ২০ ওভারের স্বীকৃত কোনো ম্যাচ তিনি খেলেননি। ঘরোয়া মৌসুম শুরুর আগে একটি ক্যাম্প থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন।
লজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি স্পিনার নিকিটা মিলার। নিউ জিল্যান্ড সিরিজের শুরুতে লজকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করার জন্য মিলারকে সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লজকে দলে নেওয়ার কারণ তুলে ধরলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
“ভাইটেল লজকে দলে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ, কারণ এর মাধ্যমে আমরা এমন খেলোয়াড়দের তুলে ধরার দীর্ঘমেয়াদী পরিকল্পনা চালিয়ে যাচ্ছি, যারা তাদের সামর্থ্য দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে দলকে পরিপূরক করে তুলতে পারে।”
মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওর্কাজের হয়ে খেলা শিমরন হেটমায়ারকে প্রথম তিন ম্যাচে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শামার স্প্রিঙ্গারের মা মারা যাওয়ায়, এই অলরাউন্ডারকে দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কিমো পলকে।
ওয়েস্ট ইন্ডিজ তাদের সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠেই শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছে। জ্যামাইকায় ওই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে গায়ানায়। প্রথমটি হবে ১২ জুলাই, পরের দুটি ১৪ ও ১৭ জুলাই। ২০ ও ২২ জুলাই শেষ দুটি ম্যাচ হবে বারবাডোজে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর, প্রথম পছন্দের বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে পাবে না নিউ জিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভাইটেল লজ, গুডাকেশ মোটি, কিমো পল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস।









































