reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে মেসির ইতিহাস

মিসরের বিপক্ষে এক অ্যাসিস্ট ও এক গোল করেন লিওনেল মেসি

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতোমধ্যেই বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। আর মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য ও মহাকাব্যিক প্রত্যাবর্তন করে জয়ের রাতে ফুটবল ইতিহাসের আরও এক অবিনশ্বর কীর্তি নিজের নামে লিখে নিলেন এলএমটেন।

বিশ্বকাপের ইতিহাসে এতদিন ধরে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্টের অনন্য রেকর্ডটি এককভাবে আগলে রেখেছিলেন আর্জেন্টিনার আরেক প্রয়াত কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। গতকাল মিশরের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপে নিজের ৯ম অ্যাসিস্টটি সম্পন্ন করেন মেসি, যা তাকে ম্যারাডোনাকে টপকে ইতিহাসের চূড়ায় বসিয়ে দেয়।

গোল করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে এখন তিনি সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট (গোল করানো)-এর রেকর্ডেরও একক মালিক।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন আর্জেন্টিনা অকাল বিদায়ের দুঃস্বপ্নে কাঁপছিল, তখন মেসির মাপা পাস থেকেই বক্সে থাকা সেন্টার ব্যাক রোমেরো হেডের সাহায্যে গোল করে দলের প্রত্যাবর্তনের বিগেল বাজান।

রেকর্ড গড়ার রাতে এখানেই থামেননি ৩৯ বছর বয়সি এই মহাতারকা। ম্যাচের ৮৩ মিনিটে বক্সের ভেতর থেকে এক চোখধাঁধানো ভলিতে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির সর্বমোট গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ২১-এ, যা ফুটবল ইতিহাসের যেকোনো একক খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।

চলতি আসরে এটি মেসির ৮ম গোল। এই গোলের সুবাদে তিনি কিলিয়ান এমবাপ্পে এবং এরলিং হালান্ডকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের রেসে এককভাবে শীর্ষে উঠে এলেন।

আর্জেন্টিনা তাদের এই অবিশ্বাস্য রূপকথার সমাপ্তি টানে ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিটে)। লিসান্দ্রো মার্টিনেসের চমৎকার অ্যাসিস্ট থেকে উড়ে আসা বলে হেড করে জালের ডানপ্রান্তে বল পাঠিয়ে মেগা জয় নিশ্চিত করেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

মাত্র ১৪ মিনিটের ঝড়ে ৩টি গোল করে মিশরকে এক চরম আকস্মিক ও হৃদয়বিদারক পরাজয় উপহার দেয় লিওনেল স্কালোনির দল।

মিশরের কঠিন বাধা পার করার পর আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের রোডম্যাপও চূড়ান্ত হয়ে গেছে। শেষ আটের মহাযুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। মেসির এমন অতিমানবীয় ফর্ম এবং দলের এই ইস্পাতকঠিন মনোবল ভক্তদের মনে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়