হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সেন্টকমের ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। সংস্থাটি বলেছে, ইরানের আগ্রাসনের জন্য ‘কঠিন মূল্য’ দিতে বাধ্য করতেই এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের এমন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, তেহরান ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলক’ পদক্ষেপ নেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় হামলা হয়েছে। এতে ছিটকে আসা ধ্বংসাবশেষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হামলার আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলের যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করে নেয়। ওই লাইসেন্সের আওতায় ইরান তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির অনুমতি পেয়েছিল। এটি গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের অংশ ছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে সমঝোতা স্মারকের লঙ্ঘন আখ্যা দিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের ‘অসৎ উদ্দেশ্য, অসামঞ্জস্যপূর্ণ আচরণ ও অবিশ্বস্ততার’ প্রমাণ। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।
এদিকে কাতার ও সৌদি আরবও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার নিন্দা জানিয়েছে। দুই দেশই দাবি করেছে, তাদের দেশের একটি করে তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে এবং এর জন্য ইরান দায়ী।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘আল-রেকাইয়াত’ নামে একটি জাহাজে হামলার জন্য ইরান সম্পূর্ণ দায়ী। তিনি ইরানকে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওয়াদিয়ান’ নামে একটি সৌদি তেলবাহী জাহাজ প্রণালি অতিক্রমের সময় হামলার শিকার হয়েছে। তাদের মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর আঘাত।









































