নিজস্ব প্রতিবেদক

  ১ ঘণ্টা আগে

ইউএফটিবিতে মেগা উৎসব ‘Robofusion 1.0’ আগামী ৮ আগস্ট: বসবে ৫০০ তরুণ উদ্ভাবকের মেলা

ছবি : প্রতিদিনের সংবাদ

দেশের উদীয়মান তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা এবং রোবোটিক্সে দক্ষতা বিকাশের লক্ষ্যে আগামী ০৮ আগস্ট ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি উৎসব ‘Robofusion 1.0’। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Innovate, Create, Automate”।

আসন্ন এই মেগা আয়োজন উপলক্ষে আজ ০৭ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউএফটিবি-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ‘Robofusion 1.0’-এর আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন, সদস্য জনাব মো. আশরাফুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

থাকছেন দেশসেরা ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকবৃন্দ

দেশের প্রযুক্তি খাতের এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং মাননীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি (এমপি)। এছাড়াও তরুণদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় শিক্ষাউদ্যোক্তারা।

পাঁচটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন ‘Robofusion 1.0’-এর বিভিন্ন দিক তুলে ধরে জানান, সারা দেশ থেকে ৫০০-এরও বেশি শিক্ষার্থী, প্রকৌশলী, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রতিযোগীদের দক্ষতা ও সৃজনশীলতা যাচাইয়ের জন্য উৎসবটিকে পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ভাগ করা হয়েছে।

বিভাগগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনার প্রতিযোগিতা 'লাইন ফলোয়িং রোবট' এবং রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আকর্ষণ 'রোবো সকার'। এছাড়া জলপথে রোবোটিক নৌযানের গতিময় প্রতিযোগিতা 'বোট রেসিং', তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শনী 'প্রজেক্ট শোকেস' এবং কোডিং, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব সমস্যার তাৎক্ষণিক সমাধানভিত্তিক প্রতিযোগিতা 'টেকাথন'-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহিত করতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকারও বেশি পুরস্কার রাখা হয়েছে, যা প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে বিতরণ করা হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় প্ল্যাটফর্ম

ইউএফটিবি রোবোটিক্স ক্লাবের বিগত দিনের কার্যক্রমের ধারাবাহিকতা উল্লেখ করে জনাব আশিকুচ্ছালেহীন আশাবাদ ব্যক্ত করেন যে, ‘Robofusion 1.0’ দেশের তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। উল্লেখ্য, এই ক্লাবটি গত এক বছরে পিসিবি ডিজাইন কর্মশালা, আইওটি বিষয়ক সেমিনার, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বিষয়ক সেশন এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কার্যক্রম সফলভাবে আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তিপ্রেমী তরুণদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া দর্শনার্থী হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ডসহ অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়