সিরাজগঞ্জ প্রতিনিধি
সলঙ্গায় ছিনতাই চক্রের ১১ নারী গ্রেপ্তার, পাঠানো হলো জেলে

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত সকল নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিত। পরবর্তীতে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বাস কিংবা ট্রেনে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে কৌশলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ









































