হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পরীক্ষা স্থগিত

চট্টগ্রামের হাটহাজারীতে গত দুই দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি প্রধান মহাসড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের বড়দীঘির পাড়, নন্দীরহাট ও আমান বাজারের আংশিক এলাকা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে তীব্র ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং গাড়ির সংখ্যা অনেকটাই কমে গেছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ ভ্যান গাড়িতে করে সড়ক পারাপার হচ্ছেন। মহাসড়কটি প্লাবিত হওয়ায় চিকনদণ্ডী ভূমি অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনকে হাতজাল দিয়ে মাছ শিকার করতেও দেখা গেছে। এছাড়া পাহাড়তলী এলাকার খীল্লা পাড়ায় বহু বসতবাড়িতে ঢলের পানি প্রবেশ করেছে।
শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম জানান, টানা বর্ষণে শিকারপুর ও বুড়িশ্চর এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। একই সাথে এই দুই ইউনিয়নের প্রায় ১৫টি পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে।
১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ অশোক কুমার দেব জানান, মহাসড়ক তলিয়ে যাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করছেন। এছাড়া প্রবল বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষার আজকের (বুধবার) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বর্তমানে উপজেলার সোনাই মনাই, বিপুলা, কুমারী খাল, বদরখালী খাল, খন্দকিয়া খাল এবং পৌরসভার মরা ছরা, আলাওল খাল, ভানজইন খাল ও মুন্দরীছরাসহ বিভিন্ন খাল-ছড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মির্জাপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সাজেদা ইয়াসমিন জানান, ৩ নম্বর ওয়ার্ডের মুহুরী পুকুর পাড় সংলগ্ন মাস্টার মৃণাল কান্তি সড়কের গাইড ওয়ালসহ রাস্তাটি ভেঙে পুকুরে ধসে পড়েছে, যা বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য। এছাড়া পৌরসভার কামাল পাড়া, ফটিকা ও মোহাম্মদপুর এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত নাগরিকদের জানমালের নিরাপত্তায় দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পিডিএস/এমএইউ









































