ভোলা প্রতিনিধি
তজুমদ্দিনে চাঁদার দাবিতে নির্যাতন, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে ‘মব’ বা গণদল সৃষ্টি করে এক নারী ও পুরুষকে গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সোমবার সকালে সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সহিদ মেম্বারের বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সজিব, রাকিব হোসেন ভুট্টো, রায়হান ও রাসেদ।
মামলা সূত্রে জানা যায়, সোনাপুর এলাকার দুলাল প্রধানের ছেলে মোঃ সজিব গুচ্ছগ্রামে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় মাহে আলমের কাছে প্রথমে ২০ হাজার এবং পরবর্তীতে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মাহে আলম টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব ক্ষুব্ধ হন। পরে এক নারীর সাথে মাহে আলমের চারিত্রিক অপবাদ তুলে সজিব ও তার সহযোগীরা এলাকায় একটি ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। তারা দুজনকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করেন এবং গলায় জুতার মালা পরিয়ে পুরো এলাকায় ঘুরিয়ে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে আজ ভোরে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মূলহোতা সজিবের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ডাকাতিসহ আগে থেকেই ৬টি মামলা রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ফেসবুকে নির্যাতনের ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে নামে। ঘটনার সত্যতা পেয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পিডিএস/এমএইউ









































