ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অর্ধকোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও পৌরসভায় একটি সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। পৌর শহরের গোয়ালপাড়া পাওয়ার গ্রিড থেকে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাহ মাঠের গেট পর্যন্ত মুসলিমনগর মহল্লায় প্রায় ৪৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই ৪২০ মিটার সড়ক পাকাকরণের কাজ চলছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নুপুর এন্টারপ্রাইজ’ কাজটি পেলেও শুরু থেকেই সিডিউল অমান্য করে তিন নম্বর মানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর পরোক্ষ যোগসাজশেই ঠিকাদার এই সরকারি অর্থ লুটপাটের উৎসব চালাচ্ছেন।
এ বিষয়ে সাংবাদিকরা কথা বলতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলসিয়া মেম্বার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে স্থান ত্যাগ করেন।
তবে পৌরসভার প্রকৌশলী সোহেল রানা নিম্নমানের ইট পরিবর্তনের দাবি করলেও অন্যান্য সামগ্রী ঠিক আছে বলে জানান।
অন্যদিকে, ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি নিম্নমানের কাজ অপসারণ করে নতুনভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পিডিএস/এমএইউ









































