সিরাজগঞ্জ প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: সিরাজগঞ্জে বেকারি মালিককে জরিমানা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘রিফাত বেকারি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লায় অবস্থিত ওই বেকারিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
তিনি জানান, রিফাত বেকারিতে সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া দীর্ঘ দিন ধরে নানা অনিয়মের মধ্য দিয়ে খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। এমন অভিযোগে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিফাত বেকারির মালিক মো: রাজিব শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পিডিএস/এমএইউ









































