সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

  ৫৯ মিনিট আগে

সোনাতলা রেলস্টেশনে ‘বৃক্ষ মাসুদ’র সবুজায়ন

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার সোনাতলা রেলস্টেশন চত্বরকে সবুজ ও মনোরম করে গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সমাজকর্মী ও ‘বৃক্ষ মাসুদ’ নামে পরিচিত সোনাতলা উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। রেলস্টেশনের পরিত্যক্ত স্থানকে সুশোভিত করতে তাঁর নিজস্ব উদ্যোগে এই সামাজিক বনায়ন কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে সোনাতলা রেলস্টেশনের নবনির্মিত প্ল্যাটফর্ম সংলগ্ন উত্তর পাশের একটি পরিত্যক্ত স্থানে সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও ছায়াদানের লক্ষ্যে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা রোপণ করা হয়। শুধু চারা রোপণই নয়, সেগুলো যেন গবাদিপশু বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নিজ খরচে বাঁশের খাঁচা ও বেড়া দিয়ে সুরক্ষার ব্যবস্থাও করেছেন তিনি। রেলস্টেশন চত্বরে এমন চমৎকার ও মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনাতলার প্রকৃতিপ্রেমী ও সাধারণ যাত্রীরা।

এই উদ্যোগ প্রসঙ্গে মাসুদুর রহমান মাসুদ বলেন, "বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল ও জ্বালানি দেয়। সর্বোপরি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে দিন দিন আমাদের দেশে বনায়ন কমে যাচ্ছে। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হই, তবেই জলবায়ু পরিবর্তন রোধ করে একটি সুশুজ-সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমি সেই লক্ষ্য থেকেই দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে আসছি। সোনাতলা রেলস্টেশনের এই সবুজায়নও আমার সেই নিরন্তর প্রয়াসেরই অংশ।"

তিনি আরও জানান, রোপণ করা এই গাছগুলো যেন বড় হতে পারে, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বও তিনি নিজে নিয়েছেন। আগামীতে এই গাছগুলো বড় হয়ে একদিকে যেমন রেলস্টেশনের সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে দেবে, অন্যদিকে দূর-দূরান্ত থেকে আসা ক্লান্ত ট্রেনযাত্রীদের শীতল ছায়া জোগাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তাঁর এই সামাজিক বনায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়