ফরিদপুর প্রতিনিধি
অপারেশন ছাড়াই শিশুর পাকস্থলী থেকে বের হলো ৫ টাকার কয়েন

ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন সাত বছর বয়সী এক শিশুর পাকস্থলী থেকে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। কোনো ধরনের অস্ত্রোপচার (অপারেশন) ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে কয়েনটি বের করে আনা হয়।
বুধবার (৮ জুলাই) সকালে ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রোলিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু অলিপ (৭) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে অলিপ অসাবধানতাবশত কয়েনটি গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হ্যাপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার পাকস্থলীতে কয়েন আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে সফলভাবে কয়েনটি বের করে আনেন। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এ বিষয়ে ডা. নিমাই দাস বলেন, "আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির কারণে বর্তমানে পাকস্থলী বা খাদ্যনালিতে আটকে থাকা যেকোনো ‘ফরেন বডি’ বা বিদেশি বস্তু নিরাপদ ও কম ঝুঁকিতে অপসারণ করা সম্ভব হচ্ছে। তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ছোট বাচ্চাদের নাগালের মধ্যে কয়েন, ব্যাটারি বা পিন রাখা একেবারেই উচিত নয়।"
ছেলের সুস্থতায় স্বস্তি প্রকাশ করে অলিপের বাবা সুজন শেখ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। হ্যাপি হাসপাতালের কর্ণধার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু বলেন, "দক্ষ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের উন্নত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।"
পিডিএস/এমএইউ









































