মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীন নিয়োজিত (চায়না মালিকানাধীন) হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। তাদের হাতে থাকা ব্যানারে "ন্যায্য বেতন দিতে হবে" এবং "কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে" এমন সুনির্দিষ্ট দাবিও দেখা গেছে।
এদিকে মহাসড়ক অবরোধের ফলে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন রাস্তায় আটকে পড়ে। বেলা পৌনে ১২টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, "শ্রমিকরা ন্যায্য বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
পিডিএস/এমএইউ









































