ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার

সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ জুলাই আনসার সদস্যরা যোগদান করেন। শনিবার (৫ জুলাই) থেকে তারা আনুষ্ঠানিকভাবে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে তিনজন করে আনসার সদস্য হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে আসছিল উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার্স ফোরাম।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রিয়াঙ্ক কুন্ড বলেন, "দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালগুলোতে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো, যা চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটাত। এখন নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আরও নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে রোগীদের সেবা দিতে পারবেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা আশা করছেন, নতুন এ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়