চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

কার্যক্রমনিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র (৭নং ওয়ার্ডের কাউন্সিলর) ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি নিজবাসায় অবস্থান করছিলেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
ফরিদা ইলিয়াছ পৌর শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন।
পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে বুধবার সকাল ৮টায় পৌর শহরের রেলওয়ের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন। মামলা নং ৩৩/২০২৬। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা-৮/৯/১০/১২।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









































